৩০ মে ২০১৫ - ১৭:৪৪
'সিরিয় সরকারি সেনারা ৪০০ ফ্রন্টে লড়াই করছে'

তুরস্কে নানা দেশের সন্ত্রাসীদেরকে সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এ খবর দিয়েছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : তুরস্কে নানা দেশের সন্ত্রাসীদেরকে সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এ খবর দিয়েছেন।
সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে প্রশিক্ষণ দেয়ার জন্য ১০০'রও বেশি মার্কিন সামরিক উপদেষ্টা তুরস্কে প্রবেশ করেছে বলে এর আগে খবর এসেছিল।
এদিকে জাতিসংঘের সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক কমিটিও বলেছে, সিরিয়ায় সন্ত্রাসীদের ঢোকার প্রধান প্রবেশ-পথ হল তুর্কি সীমান্ত। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সিরিয়া ও ইরাকে সন্ত্রাসীদের অনুপ্রবেশের হার ক্রমেই বাড়ছে বলেও জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফরি বলেছেন, সিরিয়ার সরকারি সেনারা একই সময়ে ৪০০ ফ্রন্টে লড়াই করছে। তিনি সিরিয়ার ভেতরে সশস্ত্র সন্ত্রাসী রপ্তানি বন্ধ করতে তুর্কি সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানান। সিরিয়া সংক্রান্ত খবরে জানা গেছে দেশটির হোমস প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে সরকারি সেনাদের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তীব্র লড়াই চলছে।
হোমস প্রদেশের তেল-ক্ষেত্রগুলো, দারআ, হাস্কা ও অন্য কয়েকটি অঞ্চলে আইএসআইএলসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি সেনাদের তীব্র সংঘাত চলছে। সরকারি সেনারা এইসব সংঘাতে বহু সন্ত্রাসীকে হত্যা করেছে বলে সিরিয়ার সামরিক সূত্রগুলো জানিয়েছে। সিরিয়ার সেনারা ইদলিবের কাছে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ মহাসড়ক থেকে আন নুসরার সন্ত্রাসীদের তাড়িয়ে দিয়েছে। অবশ্য আন নুসরার সন্ত্রাসীরা উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশের আরিহা শহরটি দখল করেছে বলে সিরিয়ার সামরিক সূত্রগুলো জানায়। ওদিকে কুর্দি যোদ্ধারা হাস্কা প্রদেশের ৫টি গ্রাম আইএসআইএল-এর হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। #